দেশে ভোল্টি প্রযুক্তির ফোরজি হ্যান্ডসেট তৈরির আহ্বান

১২ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫৭  
দেশেই ভোল্টি এনাবল ৪জি হ্যান্ডসেট তৈরিতে স্থানীয় দেশী-বিদেশী মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে রবি’র ভোল্টি প্রযুক্তির বাণিজ্যিক সেবা উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, এটা আমা‌দের জন‌্য নতুন অভিজ্ঞতা। প্রযু‌ক্তিতে উ‌ত্তোর‌ণে নতুন ধাপ। র‌বির এই সেবা চালুর ফলে ফোর‌জির নতুন এক‌টি সুফল মিলবে। র‌বি বাংলা‌দে‌শে সবার‌ আগে ফাইভ‌জির সফল টেস্ট সম্পন্ন করেছে। তি‌নি আরো ব‌লেন, প্রযু‌ক্তির উৎকর্ষতার যু‌গে বাংলা‌দেশ আর পি‌ছি‌য়ে নেই। উন্নত দে‌শে নতুন যে সেবা বা উদ্ভাবন চালু হ‌য়ে‌ছে। শিগ‌গিরই সেই সেবা বাংলা‌দেশেও এ‌সে পৌঁছা‌চ্ছে। অন‌্যান‌্য অপা‌রেটর‌দের ভো‌ল্টি সেবা চালুর আহ্বান জা‌নিয়ে মন্ত্রী ব‌লেন, দেশে এখন ক‌য়েক‌টি বিদেশি প্রতিষ্ঠানসহ দে‌শি প্রতিষ্ঠান মোবাইল হ‌্যান্ড‌সেট উৎপাদন করছে। আমি আশা কর‌ছি, এসব প্রতিষ্ঠান এ দেশেই ফোর‌জি ভো‌ল্টি এনাবল সাশ্রয়ী হ‌্যান্ড‌সেট তৈরি করে বাজা‌রে ছাড়বে। মোস্তাফা জব্বার বলেন,“২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভ-জি শুরুর প্রতিশ্রুতি রয়েছে। দেশে যারা মোবাইল হ্যান্ডসেট সংযোজন ও প্রস্তুত করে তারা যেন ভোল্টি প্রযুক্তি সংযুক্ত রাখবে সে বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।”